কখনো কি ভেবেছেন, ঠিক এই মুহূর্তে আপনি যে কথা বললেন, আপনার সেই কথাগুলোর পরিণতি কী হচ্ছে?
আপনার মুখ থেকে বেরিয়ে যাওয়া ওই শব্দগুলো কানের পর্দায় আঘাত করে আমাদেরকে কিছু বুঝিয়ে দিল।
কিন্তু এরপর?
আপনার এই সুন্দর শব্দচয়ন গুলো কি শুধুই বাতাসেই মিলিয়ে গেল, নাকি এগুলো অন্য কোথাও হারিয়ে যাচ্ছে?
অথবা এই কথাগুলো কি কোথাও না কোথও থেকে যাচ্ছে?
এই লেখাটি পড়ার আগে আপনি যা বলেছেন, সেই "সুপ্রভাত" বা "চা খাবেন?"—এই শব্দগুলো এখন কোথায় আছে?
এই মুহূর্তে বলা আপনার কথাগুলো কোথায় যাচ্ছে?
আমাদের মুখ থেকে বেরোনো শব্দগুলো বাতাসের কণাগুলোকে ধাক্কা দেয়। সেই ধাক্কাটা অনেকটা পুকুরে ঢিল ছুড়লে তৈরি হওয়া ঢেউয়ের মতো চারপাশে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞানের একটি মজার নিয়ম হলো—শক্তি কখনো ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে বদলে যায়।
আপনার কথা বলার সময় যে শক্তিটুকু খরচ হলো, সেটা তাহলে কোথায় গেল?
- প্রথমে সেটি বাতাসের অণুগুলোকে কাঁপিয়ে একধরণের গতিশক্তিতে বদলে গেল।
- এরপর সেই গতিশক্তির সেই কম্পন ধীরে ধীরে তাপে রূপান্তরিত হয়ে আমাদের চারপাশে মিশে গেল।
তার মানে, আমাদের মুখে উচ্চারিত প্রতিটি কথা বা শব্দ মহাবিশ্বে আজও টিকে আছে—হয়তো শব্দ হিসেবে নয়তো, সামান্য একটু 'তাপ' হিসেবে!
ভাবতেই অবাক লাগে, তাই না!
বাতাসে মিলিয়ে গেলে কি শব্দ সত্যিই শেষ হয়ে যায়?
আমরা যখন কথা বলা বন্ধ করে দেই, তারপর আমাদের মনে হয় এই কথার শব্দগুলো বুঝি শেষ হয়ে গেল। কারণ আমাদের কান আর কিছু শুনতে পাচ্ছে না।
কিন্তু আসলে শব্দের সেই কম্পন বা শক্তি কখনোই একেবারে মুছে যায় না।
মনে করুন, আপনি দূরে একটি পাথর ছুঁড়ে মারলেন। পাথরটি কিছুক্ষণ পর মাটিতে পড়ে থেমে গেল।
এখন প্রশ্ন হলো—পাথরটি ছোঁড়ার জন্য আপনি যে শক্তি খরচ করেছিলেন, সেই শক্তিটা কোথায় গেল?
এই শক্তিটা কিন্তু হারায়নি। পাথরটি যখন মাটিতে পড়লো, তখন আপনার সেই পাথর ছোড়ার শক্তি তাপ আর শব্দে পরিবর্তন হয়ে গেলো।
ঠিক একইভাবে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথার শক্তিও পরিবেশে ছড়িয়ে পড়ে।
এটি কিন্তু কখনোই হারিয়ে যায় না, বরং ধীরে ধীরে এটা এতটাই দুর্বল হয়ে যায় যে আমাদের কান আর তা আলাদা করে ধরতে পারে না।
আপনি যা বলছেন, তার রেশ মহাবিশ্বের কোথাও না কোথাও ঠিকই থেকে যাচ্ছে।
আসলেই কি মহাবিশ্বের কোথাও সব কথা রেকর্ড হয়ে থাকে?
এখানেই বিষয়টি বেশ কিছুটা রহস্যময় হয়ে ওঠে।
আমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে—
আমরা যদি মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা কোথায় আছে আর তারা কত জোরে চলছে তা যদি জানতে পারতাম,
তবে কি পেছনের দিকে হিসাব করে পুরনো সব শব্দ বের করা সম্ভব হতো?
কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে এটি সম্ভব। কারণ প্রতিটি শব্দই প্রকৃতিতে কোনো না কোনো ভাবে ছাপ রেখেই যায়।
কিন্তু বাস্তবে এটি করা প্রায় অসম্ভব।
আপনার বলা একটি কথা মহাবিশ্বের কোটি কোটি কণার মধ্যে সূক্ষ্ম পরিবর্তন ঘটিয়ে দেয়। প্রকৃতির সবকিছুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে, সেই পুরনো শব্দকে আলাদা করা খুবই জটিল একটি বিষয়।
তাহলে কি আমরা বলতে পারি যে, এই পুরো মহাবিশ্বই আসলে একটি বিশাল বড় রেকর্ডার?
আমরা যা বলছি বা করছি, তার সবকিছুই কি এখানে জমা থাকছে?
এই রোমাঞ্চকর উত্তরটি খোঁজার একটু সামান্য চেষ্টাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়।
শব্দ আসলে কী?—একটি কম্পন, একটি ভ্রম, নাকি তথ্য?
শব্দ কোনো বস্তু নয়, এটি আসলে শক্তির একটি প্রবাহ
শব্দ এমন কোনো বস্তু নয় যা আপনি হাত দিয়ে ধরতে পারবেন। শব্দ হলো এক ধরণের কম্পন বা শক্তির চলাচল।
সহজ একটি উদাহরণ দিলে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে:
মনে করুন, আপনি আপনার পুকুরের শান্ত জলে একটি পাথর ছুঁড়লেন। তখন সেখানে গোল হয়ে ঢেউ তৈরি হয়।
একটু খেয়াল করলে দেখবেন, ঢেউটা গোল হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে, পানি কিন্তু আগের জায়গাতেই আছে।
শব্দও ঠিক তেমনি ঢেউয়ের মতো কাজ করে।
আমরা যখন কথা বলি, আমাদের কণ্ঠনালী থেকে এক ধরণের শক্তি বেরিয়ে আসে। এই শক্তি বাতাসের কণাগুলোকে ধাক্কা দেয়। সেই কণাগুলো আবার তার পাশের কণাগুলোকে ধাক্কা দেয়।
এই ধাক্কাধাক্কির ব্যাপারটা যখন আমাদের কানের পর্দায় এসে পৌঁছায়, তখন আমাদের কান সেই কম্পনটাকে ধরে ফেলে। এরপর আমাদের মস্তিষ্ক সেই কম্পনটিকে 'শব্দ' হিসেবে আমাদের বুঝিয়ে দেয়।
সহজ কথায়—শব্দ হলো বাতাসের কণাগুলোর মধ্যে চলা এক অদৃশ্য খেলা, যা এক কণা থেকে অন্য কণায় ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে।
শব্দের মাধ্যম — বাতাস, পানি, কিংবা কোনো কঠিন বস্তু
শব্দ চলাচলের জন্য সবসময় কোনো না কোনো মাধ্যম অবশ্যই প্রয়োজন হয়।
যেমন—বাতাস, পানি কিংবা লোহার দরজা।
এই মাধ্যমগুলো ব্যবহার করেই শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে।
কিন্তু মহাকাশ বা মহাশূন্যের ব্যাপারটা কিন্তু একদম আলাদা
আমরা Star Wars মুভিতে মহাকাশে অনেক ধুমধাম শব্দ বা বিস্ফোরণ শুনি, বাস্তবে তা কিন্তু অসম্ভব।
কারণ মহাকাশে বাতাসের মতো কোনো গ্যাসীয় মাধ্যম নেই।
মহাকাশের এই ফাঁকা জায়গা দিয়ে আলো খুব সহজেই যাতায়াত করতে পারে, কিন্তু শব্দ একদমই পারে না।
আপনি যদি মহাকাশে গিয়ে প্রাণপণ চিৎকারও করেন, আপনার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটি কিচ্ছু শুনতে পাবে না।
সেখানে আপনার আওয়াজ কারো কানে পৌঁছাবে না; উল্টো বাতাসের অভাবে নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হবে!
মাধ্যম ছাড়া শব্দ অচল। তাই মহাকাশ হলো পৃথিবীর সবচেয়ে শান্ত এবং নিস্তব্ধ একটি জায়গা।
শব্দ বনাম আলো: কেন শব্দ মহাবিশ্বে টিকে থাকতে পারে না?
আলো আর শব্দের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো তাদের চলাচলের পথ।
আলো এক ধরণের বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গ।
এর চলাচলের জন্য কোনো মাধ্যমের (যেমন: বাতাস বা পানি) প্রয়োজন হয় না। এই কারণেই সূর্যের আলো মহাকাশের বিশাল শূন্যতা পাড়ি দিয়ে অনায়াসেই পৃথিবীতে চলে আসতে পারে।
আর অন্য দিকে শব্দ হলো 'পরাশ্রয়ী' যা কিনা এক ধরণের যান্ত্রিক তরঙ্গ।
এটি চলতে গেলে বাতাসের কণাগুলোকে একটির পর একটি ধাক্কা দিয়ে এগোতে হয়। আর এই ধাক্কাধাক্কি করতে গিয়েই শব্দের শক্তি ফুরিয়ে যায় এবং এক সময় এটি মিলিয়ে যায়।
তাইতো আপনার প্রিয় মানুষের কণ্ঠস্বর হয়তো দেয়াল ভেদ করে পাশের ঘর পর্যন্তও পৌঁছাবেও না।
কিন্তু তার ছবি বা ভিডিও (যা আলোর মাধ্যমে তৈরি) ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে।
সহজ কথায়—আলো বহুদূর যেতে পারে কারণ সে কারও ওপর নির্ভর করে না, কিন্তু শব্দ বাতাসের কণা ছাড়া এক পা-ও চলতে পারে না।
একবার শব্দ সৃষ্টি হয়ে গেলে তারপর আসলে এর পরিণতি কী হয়?
শক্তি কোথায় যায়? তাপে রূপান্তরের গল্প
আপনি খুব জোরে একটি হাততালি দিলেন।
আপনার কাছে মনে হতে পারে এই শব্দটা কিছুক্ষণ পর মিলিয়ে গেল, কিন্তু পদার্থবিজ্ঞানের চোখে গল্পটা একটু অন্যরকম।
আপনি যখন হাততালি দিলেন, তখন আপনার হাতের পেশির শক্তি শব্দ শক্তিতে বদলে যায়।
এই শব্দ বাতাসে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়লো।
শব্দ যখন বাতাসের ভেতর দিয়ে গেলো, তখন সে বাতাসের ভাসমান কণাগুলোর সাথে ঘষা খায়।
প্রতিবার এই কণাগুলো ঘষা বা ধাক্কা খাওয়ার সময় শব্দের শক্তির একটা ছোট্ট অংশ তাপে পরিবর্তিত হয়ে যায়।
অর্থাৎ, আপনার হাততালির শব্দশক্তি শেষ পর্যন্ত বাতাসে মিলিয়ে না গিয়ে চারপাশের বাতাসকে কিছুটা গরম করে দেয়!
অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে—
আপনার দেওয়া প্রতিটি হাততালি এই পৃথিবীকে খুব সামান্য পরিমান হলেও গরম করে তুলছে।
মহাবিশ্বে কোনো শক্তিই হারিয়ে যায় না; আপনার দেয়া হাততালিও রূপ বদল করে তাপ হিসেবে থেকে যায়।
Entropy: কেন শব্দ ধীরে ধীরে অদৃশ্য হয়
এন্ট্রপি (Entropy) বিজ্ঞানের একটি অত্যন্ত মৌলিক ধারণা।
সহজ বাংলায় একে বলা হয় 'বিশৃঙ্খলা' বা 'এলোমেলো হওয়ার প্রবণতা' অথবা বিশৃঙ্খল হয়ে যাওয়ার পরিমাণ।
আমাদের এই মহাবিশ্বের একটা সাধারণ নিয়ম আছে—সবকিছুই নিজে থেকে একটু অগোছালো বা এলোমেলো হয়ে যেতে চায়।
শব্দের ক্ষেত্রে এটি কীভাবে কাজ করে?
আপনি যখন একটি কথা বলেন, তখন সেই শব্দটা খুব সাজানো থাকে। এর কম্পন বা সুর একটা নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট নিয়মে চলতে থাকে।
কিন্তু মুখ থেকে বের হওয়ার পরেই শব্দটা চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। বাতাসের কণা বা অন্য কোনো শব্দের সাথে ধাক্কা লেগে এটি এলোমেলো হয়ে যায়। দেয়ালে বাধা পেয়ে এর চেহারা আরও বদলে যায়।
এক সময় শব্দটা এমন এক অবস্থায় পৌঁছায় যে তাকে আর আপনার সেই সুন্দর কথাটা চেনা যায় না। এটি তখন সাধারণ এক 'হৈ-চৈ' বা শব্দের ভিড়ে মিশে যায়।
এখানে শব্দটার কিন্তু মৃত্যু হয় না, শুধু সে তার আগের পরিচয়টা হারিয়ে ফেলে।
তখন আপনার সেই 'কথাগুলো' আর সাজানো গোছানো সুশৃঙ্খল অবস্থায় থাকে না, কেবল মহাবিশ্বের এক টুকরো অগোছালো শক্তিতে পরিণত হয়ে শুধু নিজের স্বকীয়তা ধরে রাখে।
তাহলে কি আমাদের পূর্বপুরুষদের কথা চিরতরে হারিয়ে গেছে?
যেসব কথা রেকর্ড করা হয়নি—সেই কথাগুলোর ভাগ্যে কি ঘটেছে?
হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা গুহায় বসে কত গল্প করেছেন, পুরনো দিনের হাট-বাজারে কত চিৎকার হয়েছ;
সেইসব শব্দগুলো তাহলে আজ কোথায়?
এই প্রশ্নের উত্তরটা আমাদের মনটা একটু খারাপ করে দেবে।
সেই কথাগুলোর শক্তি অনেক আগেই পাথর, মাটি আর বাতাসের সাথে মিশে গেছে। ঘর্ষণের ফলে সেই শব্দের কম্পনগুলো তাপে পরিণত হয়েছে।
ধরুন, ১০,০০০ বছর আগে কেউ একজন তার শেষ কথাটি বলেছিলেন।
সেই কথার শেষ কম্পনটুকুও পৃথিবীর বাতাস অনেক আগেই গিলে ফেলেছে। সেই শক্তি এখন তাপ হিসেবে বিকিরণ হয়ে মহাশূন্যে হারিয়ে গেছে।
যেহেতু তখন রেকর্ড করার কোনো উপায় ছিল না, তাই সেই শব্দগুলোর কোনো শারীরিক অস্তিত্ব আজ আর বেঁচে নেই।
তাহলে কী অবশিষ্ট আছে?
বাকি আছে শুধু সেই কথার প্রভাব। হয়তো সেই প্রাচীন মানুষের বলা কোনো একটি কথা শুনে অন্য কেউ অনুপ্রাণিত হয়ে নতুন কিছু সৃষ্টি করেছিলেন।
সেই কাজের ধারাবাহিকতায় আজ আমরা এই পৃথিবীতে আছি।
শব্দ হারিয়ে যায়, কিন্তু সৃষ্টি শব্দের অন্তর্নিহিত তথ্য কি পুরোপুরি নষ্ট হয়?
এটি বিজ্ঞানের এক গভীর রহস্য।
আমরা যখন কথা বলা থামিয়ে দিই, তখন শব্দের আওয়াজ হয়তো আর শোনা যায় না, কিন্তু সেই শব্দের সাথে থাকা ‘তথ্য’ (Information) কি ধ্বংস হয়ে যায়?
ধরুন রাস্তার মধ্যে কেউ চিৎকার করে বলল—"সাবধান, পেছনে একটি গাড়ি আসছে"
এই শব্দের শক্তি একসময় বাতাসে হয়তো মিলিয়ে যাবে ঠিকই, কিন্তু এর ফলে যে মানুষটি দৌড়ে পালাল, তার মস্তিষ্কে বা স্নায়ুতে যে পরিবর্তন হলো—সেটা কিন্তু ওই তথ্যেরই একটি নতুন রূপ।
অর্থাৎ তথ্যটি শব্দ থেকে স্মৃতি বা কাজে বদলে গেল।
এখানে বিজ্ঞান বলছে, মহাবিশ্বে কোনো তথ্যই পুরোপুরি মুছে যায় না।
শব্দের তরঙ্গ হারিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রভাব কোনো না কোনোভাবে প্রকৃতিতে রয়ে যায়।
ঠিক যেমন আমাদের পূর্বপুরুষের কোনো গল্প হয়তো আজ আর হুবহু শোনা যায় না, কিন্তু সেই গল্পের মূল বিষয়টি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে বা লোকগাথায় আজও বেঁচে আছে।
শব্দের বাহক (শব্দ তরঙ্গ) হয়তো একসময় ক্লান্ত হয়ে থেমে যায়, কিন্তু তার ভেতরের ‘বার্তা’ বা ‘তথ্য’ মহাবিশ্বের এই বিশাল জালে কোনো না কোনোভাবে ঠিকই বেঁচে থাকে।
তথ্য কখনো নষ্ট হয় না—এই ধারণা কতটুকু সত্য?
মহাবিশ্বে কোনো তথ্যই আসলে পুরোপুরি মুছে যায় না, কিন্তু সেটা এমনভাবে এলোমেলো হয়ে যায় যে আমাদের পক্ষে তা আর খুঁজে পাওয়া সম্ভব হয় না।
যখন আপনার দাদু কথা বলতেন, তখন সেই শব্দের কম্পন বাতাসে ছড়িয়ে পড়ত। এখন সেই শব্দ আর নেই, কারণ সেই শক্তি এখন তাপে পরিণত হয়েছে। বিজ্ঞানের ভাষায়, তথ্যটি এখনো বাতাসের অণুগুলোর নড়াচড়ার মধ্যে লুকিয়ে আছে।
কেন আমরা তা ফিরে পাই না?
যদি আমরা সেই পুরোনো কণ্ঠস্বর আবার শুনতে চাই, তবে আমাদের পৃথিবীর প্রতিটি ধূলিকণা এবং বাতাসের অণুর বর্তমান অবস্থান সঠিক ভাবে মেপে পিছনের দিকে হিসাব নিকেশ করতে হবে।
এটা অনেকটা একটা আস্ত আয়না ভেঙে গুঁড়ো করে ফেলার মতো।
আয়নার প্রতিটি কণা এখনো ঠিকই আছে, কিন্তু সেই গুঁড়োগুলো দিয়ে আপনি আর নিজের প্রতিমিম্বটি দেখতে পাবেন না।
এটি ঠিক যেন আগুনে পুড়ে যাওয়া কাগজের ছাই এর মতো।
তথ্য হয়তো মহাবিশ্বের কোথাও না কোথাও ঠিক জমা আছে এমনকি সেটি ব্ল্যাক হোলের ভেতরেও হতে পারে।
কিন্তু এটি আমাদের বর্তমান প্রযুক্তির বাইরে চলে যাওয়ায় তা উদ্ধার করা অসম্ভব।
কোয়ান্টাম জগৎ আরও অদ্ভুত।
এই জগৎটা আমাদের সাধারণ জগতের চেয়ে অনেক বেশি অন্যরকম। একে যদি আমরা একটু এভাবে বুঝতে চেষ্টা করি যে :
কণার পরিচয়:
এখানে প্রতিটি কণার একটি 'তরঙ্গ রূপ' (Wave function) থাকে।
ছাপ রেখে যাওয়া:
যখনই কোনো ঘটনা ঘটে, সেটি এই তরঙ্গের ওপর একটা প্রভাব বা 'ছাপ' ফেলে যায়। অর্থাৎ, কোয়ান্টাম স্তরে অতীতের সব স্মৃতির একটা রেকর্ড থেকে যায়।
পর্যবেক্ষণের সমস্যা:
কিন্তু এখানে সমস্যা হলো, আমরা যখনই সেই রেকর্ড বা ছাপটি দেখতে যাই, আমাদের দেখার চেষ্টার কারণেই কোয়ান্টাম কণাটির অবস্থা বদলে যায়।
যদি সহজভাবে বলি তাহলে, আপনি যখনই অতীতের সেই 'ছাপ' খুঁজতে যাবেন, আপনার খোঁজার টানেই সেই ছাপটি মুছে যাবে অথবা নষ্ট হয়ে যাবে।
এটি খাতায় লেখা আছে ঠিকই, কিন্তু সেই লেখা পড়ার জন্য আলো জ্বালালেই লেখাটা অদৃশ্য হয়ে যায়।
বাস্তবিক অর্থে কেন সেই তথ্য কখনোই আর বাস্তবে উদ্ধার করা যায় না
মনে করুন আপনি একটা পুকুরে পাথর ছুড়লেন। পাথরের আঘাতে পানিতে যে ঢেউ তৈরি হলো, তা একসময় পুকুরের পাড়ে গিয়ে মিশে গেল।
এখন আপনি যদি সেই ঢেউগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে আবার আগের মতো পাথরটি ফিরে পেতে চান, তাহলে?
তবে পুকুরের প্রতিটি পানির ফোঁটা আর পাড়ের ধূলিকণাকে ঠিক আগের জায়গায় নিখুঁতভাবে ফিরিয়ে নিতে হবে। হিসেবের চুল পরিমাণ এদিকসেদিক ভুল হলে পাথরটি কিন্তু ঠিক আর আগের মতো আর হবে না।
আমাদের চারপাশে প্রতি সেকেন্ডে কোটি কোটি ঘটনা ঘটছে।
মাত্র এক সেকেন্ড আগে হয়ে যাওয়া কোনো শব্দ বা ঘটনা ফিরে পেতে হলে পুরো মহাবিশ্বের প্রতিটি কণাকে এক সেকেন্ড পিছিয়ে নিতে হবে—যা আসলে কার্যত অসম্ভব।
তাই তত্ত্ব অনুযায়ী কোনো তথ্য বা ঘটনা মহাবিশ্বে রয়ে গেলেও, বাস্তবে তা আমাদের জন্য চিরতরে হারিয়ে যায়।
মানুষ কীভাবে শব্দ ধরে রাখতে শিখল?
গ্রামোফোন: প্রথমবার কণ্ঠস্বরকে সময়ের বাইরে রাখা
১৮৭৭ সালে টমাস এডিসন যখন "Mary Had a Little Lamb" কবিতাটি রেকর্ড করেন, সেটি ছিল এক অবিশ্বাস্য ঘটনা।
গ্রামোফোন কীভাবে কাজ করত?
গ্রামোফোনের কাজ করার পদ্ধতি ছিল বেশ সহজ:
মানুষ যখন কথা বলত, সেই শব্দের কম্পন একটি হাতলের সাহায্যে একটি সূঁচকে কাঁপাত।
সেই কাঁপতে থাকা সূঁচটি একটি ঘুরতে থাকা সিলিন্ডারের ওপর রাখা টিনের পাতলা পর্দার গায়ে দাগ কাটত বা খোদাই করত।
এটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল?
পরবর্তীতে যখন সূঁচটিকে আবার ওই খোদাই করা দাগের ওপর দিয়ে চালানো হতো, তখন সেটি আগের মতোই কাঁপতে শুরু করত এবং রেকর্ড করা শব্দকে ফিরিয়ে আনত।
মানুষ ইতিহাসে প্রথমবারের মতো শব্দকে কোনো বস্তুর মধ্যে ধরে রাখতে পেরেছিল।
এর মাধ্যমে একটি নির্দিষ্ট মুহূর্ত বা সময়কে চিরতরে বন্দী করা সম্ভব হয়েছিল।
ব্যাপারটি কিন্তু খুবই বিস্ময়কর!
টেপ রেকর্ডার ও চৌম্বক ক্ষেত্রের জাদু
এখানে শব্দ জমা রাখা হতো চৌম্বকীয় ফিতার (magnetic tape) ওপর।
আমরা যখন কথা বলি, সেই শব্দকে প্রথমে বিদ্যুৎ সংকেতে বদলে ফেলা হয়।
এই বিদ্যুৎ ফিতার ওপর থাকা ছোট ছোট চৌম্বক কণাগুলোকে একটি নির্দিষ্ট সাজে সাজিয়ে দেয়।
যখন আমরা টেপটি কোনো রেকর্ড প্লেয়ার দিয়ে চালাই, তখন ফিতার ওই সাজানো কণাগুলো আবার বিদ্যুৎ তৈরি করে। সেই বিদ্যুৎ স্পিকারে গিয়ে আগের মতো শব্দ হয়ে ফিরে আসে।
এই প্রযুক্তিতে দেখা যায় যে, শব্দকে শুধু বাতাসের কম্পন হিসেবেই নয়, বরং চুম্বকের মেরু পরিবর্তন বা সংখ্যার মাধ্যমেও তা আটকে রাখা সম্ভব।
ডিজিটাল বিপ্লব: শব্দ এখন কেবল ০ আর ১
ডিজিটাল রেকর্ডিং যেন এক জাদুর কাঠি, যা শব্দকে পুরোপুরি বদলে দিয়েছে।
আপনার কণ্ঠের প্রতিটি ভাঁজ, সুরের ওঠা-নামা কিংবা মৃদু টান—সবকিছুই এখন স্রেফ কিছু সংখ্যা।
প্রতি সেকেন্ডে হাজার হাজার বার এই শব্দকে মেপে মেপে সংখ্যায় রূপান্তর করা হয়। কম্পিউটারের প্রিয় ভাষা হলো '০' আর '১'; তাই আপনার প্রিয় গান বা কথাগুলো কম্পিউটারের কাছে কেবল ০ আর ১-এর এক বিশাল কথামালা।
স্মৃতি যেমন আমাদের মনে আজীবন জমা থাকে, ডিজিটাল ফাইলও ঠিক তেমনি শব্দকে সংখ্যার গল্প হিসেবে সাজিয়ে রাখে। শব্দ ধরে রাখার এর চেয়ে নিখুঁত আর শক্তিশালী উপায় কিন্তু এর আগে কখনো ছিল না!
ডিজিটাল শব্দ কি সত্যিই “অমর”?
MP3, WAV—ফাইল মানে কি স্থায়িত্ব?
MP3 বা WAV কোনো জাদুর কাঠি নয়; এগুলো স্রেফ ডিজিটাল তথ্য সাজানোর একটা নিয়ম মাত্র। আসল বিষয় হলো, তথ্যটা আপনি কোথায় রাখছেন।
ধরা যাক, আপনার প্রিয় কোনো গান অথবা আবৃত্তি করা কোনো কবিতা একটি পেনড্রাইভে আছে।
এখন যদি:
পেনড্রাইভটি পানিতে পড়ে নষ্ট হয়ে যায়? অথবা কোথাও হারিয়ে যায়?
তাহলে ফরম্যাট যাই হোক না কেন, আপনার পছন্দের শব্দটি চিরতরে যাবে!
অর্থাৎ, গানটি টিকবে কি না তা MP3 ফরম্যাটের ওপর নির্ভর করে না, বরঞ্চ সেটি নির্ভর করে আপনার পেনড্রাইভ বা হার্ডডিস্কের স্বাস্থ্যের ওপর।
Opus, MP3, Vorbis, Musepack, AAC, ATRAC এই ফরম্যাটগুলো আপনাকে শুধু শব্দ শোনার সুযোগ করে দেয়, কিন্তু এর স্থায়িত্ব দেয় শুধুমাত্র এটি যেখানে স্টোরেজ অবস্থায় থাকে।
হার্ডডিস্ক নষ্ট হলে কি কণ্ঠস্বরও হারিয়ে যায়?
এর সহজ উত্তর হলো: হ্যাঁ, স্মৃতিগুলো তখন কেবল স্মৃতিই থেকে যায়।
একটি হার্ডডিস্কের ভেতর মূলত অনেকগুলো পাতলা চুম্বকীয় প্লেট থাকে। আমাদের দেওয়া সব তথ্য সেখানে ০ আর ১—এই ডিজিটাল সংকেতে সাজানো থাকে।
এখন সমস্যাটা কোথায় হয়?
আঘাত পেলে: হার্ডডিস্ক হাত থেকে পড়লে বা ভেতরে স্ক্র্যাচ পড়লে সেই সংকেতগুলো মুছে যায়।
বয়স হলে: অনেকদিন অব্যবহৃত অবস্থায় থাকলে প্লেটের চুম্বকীয় শক্তি কমে যায়।
সার্কিট পুড়লে: ইলেকট্রনিক কোনো ত্রুটি হলে হার্ডডিস্ক আর সচল হয় না।
ক্লাউডে রাখা শব্দ কি চিরকাল বেঁচে থাকে?
আমরা যখন বলি ছবি বা ফাইলগুলো "ক্লাউডে" আছে, আমাদের মাথায় ভেসে ওঠে নীল আকাশ আর তুলোর মতো সাদা মেঘের ছবি। যেন সব তথ্য অদৃশ্য হয়ে আকাশে ভাসছে!
কিন্তু মজার ব্যাপার হলো, এর সাথে আকাশের কোনো সম্পর্কই নেই।
ব্যপারটা একটু সহজ করে বলি;
☁️ আকাশ নয়, মাটির নিচের হার্ডডিস্ক
আপনি যখন ফেসবুকে বা অন্য কোথাও ছবি আপলোড করেন বা গুগল ড্রাইভে ফাইল রাখেন, সেগুলো আসলে কোনো না কোনো দেশে মাটির ওপর বিশাল এক দালানে রাখা হার্ডডিস্কের ভেতর জমা হয়।
এগুলোকে বলা হয় ডেটা সেন্টার।
অর্থাৎ, আপনার স্মৃতিগুলো আসলে অন্যের ঘরের মেমোরি কার্ডে বন্দি অবস্থায় থাকে।
👯♂️ কপি-পেস্টের খেলা
আপনার তথ্য যেন হারিয়ে না যায়, তাই কোম্পানিগুলো একই ছবি বা ফাইল পৃথিবীর তিন-চারটি আলাদা সার্ভারে কপি করে রাখে। এক দেশের সার্ভার নষ্ট হলেও যেন অন্য দেশ থেকে সেটা ফিরে পাওয়া যায়।
⚠️ তাহলে ভয়টা কোথায়?
ক্লাউড মানেই কিন্তু 'অমর' কিছু নয়। নিচের পরিস্থিতিগুলো একটু ভাবুনতো:
যদি ওই কোম্পানিগুলো দেউলিয়া হয়ে ব্যবসা বন্ধ করে দেয়?
অথবা যদি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে ওই ডেটা সেন্টার ধ্বংস হয়ে যায়?
কিংবা ধরুন কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন বা একাউন্ট হ্যাক হয়ে গেলো, তাহলে?
বাস্তবতা:
আমরা অনেক সময় বলি, "ড্রাইভে আছে তো, data আর হারানো সম্ভব না!"
কিন্তু চরম বাস্তবতা হলো, আমরা আমাদের তথ্যের দায়িত্ব আরেকজন মানুষের বা কোম্পানির হাতে তুলে দিয়েছি।
ছোটবেলার সেই অ্যালবামের ছবির মতো ক্লাউড চিরকাল টিকে থাকবে—এমন কোনো গ্যারান্টি কিন্তু আজপর্যন্ত কোথাও নেই।
সোজা কথায়: ক্লাউড মানে হলো নিজের বাড়ির আলমারিতে তালা না মেরে, অন্যের বাড়ির লকারে জিনিসটি রেখে দেয়া।
কণ্ঠস্বর কেন এত অনন্য? — মানুষের আওয়াজের বিজ্ঞান
🎙️ কেন আমাদের সবার কণ্ঠস্বর আলাদা?
আমাদের গলা কি কেবল একটি শব্দ তৈরির যন্ত্র?
তা কিন্তু মোটেও না!
এটিকে আসলে বলা যায় একটা দারুণ অরকেস্ট্রা, যেখানে তিনটি অংশ একসাথে মিলেমিশে কাজ করে:
স্বরতন্ত্রী (The Engine):
এখান থেকে শব্দের শুরু। কিন্তু এটি কেবল মৌলিক কিছু শব্দ তৈরি করে।
মুখ ও নাক (The Sound Box):
আসল জাদুটা কিন্তু ঘটে ঠিক এখানটাতেই। শব্দ যখন আমাদের মুখগহ্বর, জিহ্বা, ঠোঁট আর দাঁতের ভেতর দিয়ে যায়, তখন তার চেহারা বদলে যায়।
মস্তিষ্ক (The Conductor):
আপনি কত জোরে বলবেন বা কোন ধরণের আবেগ দিয়ে কথা বলবেন, তার রিমোট কন্ট্রোল থাকে মস্তিষ্কের হাতে।
সব চেয়ে মজার ব্যাপার হলো: যমজ ভাই-বোনের চেহারা এক হলেও তাদের কণ্ঠস্বর কখনো হুবহু এক রকম হয় না। কারণ, প্রত্যেকের এই "শারীরিক বাদ্যযন্ত্রটি" বাজানোর ভঙ্গি সম্পূর্ণ ভাবে আলাদা!
আবেগ বদলালে কণ্ঠস্বরও কেন বদলে যে?
আমাদের কণ্ঠস্বর আসলে আমাদের মনের আয়না।
যখন আমরা যখন ভয় পাই বা উত্তেজিত হই, তখন শরীর থেকে অ্যাড্রেনালিন হরমোন বের হয়?
এতে করে শাসপ্রশ্বাস দ্রুত বেগে চলাচল করে আর পেশিগুলো টানটান হয়ে যায়—তাই কথা বলার সময় গলা কেঁপে ওঠে বা চড়া শোনায়।
আবার যখন মনটা একটু খারাপ থাকে কিংবা বিষণ্ণতা ভর করে তখন, শরীরের পেশিগুলো ঢিলে হয়ে যায়, কণ্ঠস্বর হয়ে পড়ে ভারি আর নিচু।
তাই তখন আমাদের উচ্চারিত শব্দগুলো শোনায় নিচু আর ভারি।
আসলে আমাদের কণ্ঠস্বর শুধু কিছু শব্দ নয়, এটা আমাদের মনের মানচিত্র! আমাদের কণ্ঠের সুর বুঝিয়ে দেয় আমাদের ভেতরের আসল অনুভূতিটা কী।
কণ্ঠস্বর কি আসলেই আঙুলের ছাপের মতো অনন্য?
আমাদের আঙুলের ছাপ যেমন কারোর সাথে মেলে না, ঠিক তেমনি গলার স্বরও কিন্তু একদম তেমনই ইউনিক বা অনন্য।
একে বিজ্ঞানের ভাষায় বলা হয় 'ভয়েস প্রিন্ট' (Voice Print)।
কেন আমাদের গলার শব্দ একেক জনের একেক রকম ? মূলত কয়েকটি জিনিসের জাদুকরী মিশ্রণে তৈরি হয় এই নিজস্ব পরিচয়:
সুর ও কম্পন:আমাদের স্বরতন্ত্রী বা ভোকাল কর্ডের কাঁপুনির ধরন।
কথার গতি: আমরা কথা কতটা দ্রুত বা ধীরে বলে থাকি।
উচ্চারণের ভঙ্গি: আমাদের প্রত্যেকের কথা বলার নিজস্ব একটি স্টাইল রয়েছে।
এই কারণেই ব্যাংক বা স্মার্টফোনের সিকিউরিটি সিস্টেম আমাদের গলার শব্দ শুনেই আমাদের পরিচয় চিনে নিশ্চিত করতে পারে।
কিন্তু এটি কি সারা জীবন একই রকম থাকে?
মজার ব্যাপার হলো, আঙুলের ছাপ সারাজীবন এক থাকলেও কণ্ঠস্বর কিন্তু সময়ের সাথে সাথে রূপ বদলায়:
বয়স: বয়স বাড়লে স্বরতন্ত্রী কিছুটা ঢিলে হয়ে যায়, ফলে গলার স্বর ভারী বা গম্ভীর শোনায়।
শারীরিক অবস্থা: সর্দি-কাশি হলে বা মন খারাপ থাকলেও গলার আওয়াজও কিন্তু বদলে যেতে পারে।
তাই কণ্ঠস্বর দিয়ে অমরত্বের স্বপ্ন দেখাটা কিছুটা ধোঁয়াশা হলেও, এটি যে আমাদের বর্তমানের সবচেয়ে বড় পরিচয়—তাতে কোনো সন্দেহ নেই!
ভবিষ্যতের প্রযুক্তি — হারানো কণ্ঠস্বর কি ফিরিয়ে আনা সম্ভব?
🎙️ AI ভয়েস ক্লোনিং: যা ম্যাজিক, আর যা শুধুই কল্পনা!
ভয়েস ক্লোনিং ব্যাপারটি অনেকটা 'কণ্ঠস্বরের আয়না'র মতো।
AI এখন এতটাই উন্নত যে, কথার মাত্র কয়েক মিনিটের অডিও শুনেই হুবহু সেটির মতো করে কথা বলতে পারে।
আপনি কোনো টেক্সট লিখে দিলে AI সেটা সেই রকম কণ্ঠে পড়ে শোনাবে—ঠিক যেন একই কণ্ঠস্বর! কিন্তু এর একটি সীমাবদ্ধতা আছে যা আমাদের বোঝা জরুরি:
এটি কোনো টাইম মেশিন নয়। ধরুন, ১৯৭৫ সালের ১৬ই ডিসেম্বর সকাল ১১টায় কেউ বিশেষ কোনো কথা বলেছিলেন যা কোথাও রেকর্ড করা নেই। AI কিন্তু সেই হারিয়ে যাওয়া কথাটি উদ্ধার করতে পারবে না।
AI আপনার প্রিয়জনের কণ্ঠস্বরকে হুবুহু অনুকরণ করতে পারে, কিন্তু তাঁর অতীতের স্মৃতি বা কথা ফিরিয়ে আনতে পারে না।
🎧পুরনো রেকর্ডিং থেকে নতুন কণ্ঠ—কতটা বাস্তব?
আপনি হঠাৎ পুরোনো দিনের একটা ক্যাসেট খুঁজে পেলেন পেলেন।
সেখানে কারোও কণ্ঠস্বর শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু প্রচুর শোঁ শোঁ শব্দ আর নয়েজ হচ্ছে।
আপনি চাইলেন AI দিয়ে সেটাকে একদম নতুনের মতো ঝকঝকে করে নিতে।
তখন AI কী করবে?
সে কেবল শব্দ পরিষ্কারই করবে না, এই ক্যাসেটে এর অসম্পূর্ণ বাক্যগুলোও নিজের থেকে 'অনুমান' করে পূরণ করে দেবে।
কিন্তু এখানেই আসল ঘটনাটি ঘটে:
ভুল অনুমান:
AI হয়তো এমন কোনো শব্দ বসিয়ে দিল যা সেই সেটিতে কখনোই ছিলোনা।
স্মৃতির বিকৃতি:
তখন কি সেটা আর আসল কণ্ঠস্বর অথবা একই কথার তাৎপর্য থাকল?
সেটা কিন্তু হয়ে গেল AI-এর একটা কাল্পনিক সৃষ্টি।
প্রযুক্তি আমাদের হারানো স্মৃতি 'মেরামত' করতে পারে ঠিকই, কিন্তু সেই প্রক্রিয়ায় সে কি আসল সত্যটাকেই বদলে দিচ্ছে না?
নৈতিক প্রশ্ন: মৃত মানুষের কণ্ঠ কি ব্যবহার করা উচিত?
ধরুন আপনার প্রিয় কোনো মানুষ আর বেঁচে নেই।
কিন্তু হঠাৎ একদিন তাঁর কণ্ঠেই আপনার ফোনে একটি জন্মদিনের শুভেচ্ছা এলো!
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এখন এটা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো—এটা কি আসলেই ভালো কিছু?
এখানে তিনটি ছোট পয়েন্ট খুব গভীরভাবে বিবেচনা করা উচিৎ:
স্মৃতি বনাম বিকৃতি:
এই কণ্ঠস্বর কি আপনাকে শুধু সান্ত্বনাই দেবে, নাকি আপনার মনের ভেতরে থাকা তাঁর আসল স্মৃতিগুলোকে ওলটপালট করে দেবে?
অনুমতি ও সম্মান:
তিনি তো এখন আর বেঁচে নেই, তাই তাঁর অনুমতি নেওয়াও সম্ভব নয়। তাঁর না বলা কথাগুলো তাঁর কণ্ঠ দিয়ে বলানো কি তাঁর ব্যক্তিসত্তার অপমান?
আইন ও নীতি:
পৃথিবীর অনেক দেশেই এখন নতুন করে চিন্তা ভাবনা করছে যে —মানুষের মৃত্যুর পর তাঁর 'ডিজিটাল সত্তা'র মালিক আসলে কে?
প্রযুক্তি আমাদের প্রিয়জনকে হয়তো 'ডিজিটাল অমরত্ব' দিচ্ছে, কিন্তু দিনশেষে প্রশ্নটা শুধু বিজ্ঞানের নয়; বরং আমাদের আবেগ আর নৈতিকতারও।
কেন আদিম মানুষের গল্প আর শুনতে পাবো না
হাজার বছর আগের শব্দ—কেন চিরতরে হারিয়ে গেছে
হাজার বছর আগে কোনো এক গুহায় বসে একজন আদিম মানুষ তার সঙ্গীকে নিয়ে প্রাণ খুলে হেসেছিল।
সেই হাসির শব্দটা কেন আজও বাতাসে ভেসে নেই? এর পেছনে আছে পদার্থবিজ্ঞানের এক মন খারাপ করা, একটি নিয়ম।
শক্তির রূপান্তর:
শব্দ যখন বাতাসের মধ্য দিয়ে যায়, তখন সে তার শক্তি হারিয়ে ফেলে। বাতাসের অণুর সাথে ধাক্কা খেতে খেতে সেই শব্দের শক্তি একসময় তাপে পরিণত হয়।
একমুখী পথ:
বিজ্ঞানের ভাষায় একে বলে এনট্রপি (Entropy)। সহজ করে বললে, শব্দ থেকে তাপ তৈরি হওয়া সহজ, কিন্তু সেই ছড়িয়ে পড়া তাপকে কুড়িয়ে এনে আবার হুবহু সেই শব্দে ফিরিয়ে নেওয়া অসম্ভব।
বাতাসের শোষণ:
ষাট হাজার বছর আগের সেই হাসির শব্দতরঙ্গ বহু আগেই পৃথিবীর বায়ুমণ্ডল শুষে নিয়েছে। সেই শব্দ এখন স্রেফ সামান্য একটু উষ্ণতা হয়ে মহাকাশে মিশে আছে, যা আলাদা করার কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আমাদের নেই।
প্রকৃতিতে শক্তি কখনো নষ্ট হয় না ঠিকই, কিন্তু সে এমনভাবে রূপ বদলায় যে তাকে আর আগের রূপে চেনা যায় না। তাই সেই আদিম কথোপকথনগুলো এখন মহাবিশ্বের নীরবতার একটি অংশ।
প্রকৃতির শব্দ: ঝড়, বৃষ্টি, সমুদ্র—সবই কি মুছে যায়?
সহজ উত্তর হলো—না।
ডাইনোসরের সেই ভয়ংকর গর্জন বা আদিম যুগের বিশাল কোনো ভূমিকম্পের শব্দ আজ আর কোথাও ভেসে বেড়াচ্ছে না।
প্রকৃতির নিয়মটাই এমন, সে পুরনো শব্দ মুছে ফেলে নতুন শব্দ তৈরি করে।
তাহলে সেই শব্দগুলোর কী হয়?
শব্দ মূলত এক ধরনের শক্তি। যখন ডাইনোসর গর্জন করেছিল, তখন সেই শক্তি বাতাসে কম্পন সৃষ্টি করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই শক্তি নিস্তেজ হয়ে গেছে।
সেই গর্জনে হয়তো কোনো গাছের পাতা কেঁপেছিল বা পাহাড়ের পাথর সরেছিল।
আমরা কিন্তু আজও সেই পাথর বা ফসিল দেখতে পাই, তবে সেই গর্জনের শব্দ শুনতে পাওয়ার কোনো উপায় আর নেই।
প্রকৃতি এক বিশাল 'রিসেট' বাটনের মতো।
হারিয়ে যাওয়া অতীতকে ফিরে পাওয়া মানে সময়ের স্রোতকে উল্টে দেওয়া। প্রকৃতি বা মহাবিশ্ব—কেউই সময়ের এই উল্টো যাত্রা সহজভাবে মেনে নেয় না।
ভবিষ্যতের চরম কল্পনা — যদি সব শব্দ ধরা যেত?
কোয়ান্টাম কম্পিউটার ও সর্বজনীন তথ্য পাঠ
আচ্ছা যদি এমনটি হয় যে আমাদের কাছে এমন একটি সুপার-কোয়ান্টাম কম্পিউটার আছে যা মহাবিশ্বের প্রতিটি কণার খবর তার কাছে আছে।
এটি অনেকটা যেন ঠিক 'টাইম মেশিনের' মতো কাজ করে।
তাত্ত্বিকভাবে, এই যন্ত্রটি ব্যবহার করে হয়তো জানা সম্ভব যে, ১৫ই অগাস্ট ১৯৭৫ সালে ধানমন্ডি ২৭ এ সকাল ৮.৩০ মিনিটে কি ঘটেছিলো!!!
কিন্তু বাস্তবে এটি করা কি আদৌ সম্ভব? এখানেই বিজ্ঞান আমাদের এক অদ্ভুত গোলকধাঁধায় ফেলে দেয়।
মহাবিশ্ব এক বিশাল মাকড়সার জালের মতো; কেন সামান্য একটি কথা খুঁজে বের করা এত কঠিন?
কারণ, মহাবিশ্বের সবকিছুই একে অপরের সাথে যুক্ত। ১৯৭৫ সালের সেই শব্দের কম্পন হয়তো পাশের একটা গাছের পাতাকে নাড়িয়েছিলো।
সেই পাতা নড়ার ফলে একটি পাখি উড়ে গিয়েছিল।
পাখিটি ওড়ার কারণে বাতাসের যে পরিবর্তন হলো, তা হয়তো অনেক দূরে সাগরের ঢেউয়ে প্রভাব ফেলেছে।
একে বলা হয় 'বাটারফ্লাই ইফেক্ট'।
১৯৭৫ সালের সেই বলা কথাগুলো উদ্ধার করতে হলে শুধু ঢাকার বাতাস পরীক্ষা করলেই হবে না; সেই সময়ের চাঁদের টান, সূর্যের আলো, এমনকি মহাকাশের দূরবর্তী গ্রহের অবস্থানও হিসেব করতে হবে।
একটি ছোট তথ্য জানতে হলে আপনার লাগবে পুরো মহাবিশ্বের Data!
বিজ্ঞান কেন বলছে "এটা অসম্ভব!"
প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, এখানে তিনটি বড় বাধা আছে:
অনিশ্চয়তা (Uncertainty):
কোয়ান্টাম বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, আপনি কোনো কণার অবস্থান এবং গতি—দুটো একসঙ্গে নিখুঁতভাবে কখনোই জানতে পারবেন না। এটি প্রকৃতির একটি মৌলিক আইন। তাই হিসাবের শুরুতেই ছোট এক ভুল বড় বড় অমিল তৈরি করবে। [এই বিষয়ের উপর একটি পর্যালোচনা মূলক article আছে "Quantum Fluctuation", ইচ্ছে করলে আপনি সেখান থেকে ঘুরে আসতে পারেন ]
শক্তির অভাব:
পুরো মহাবিশ্বের হিসাব রাখার মতো কম্পিউটার চালাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তা হয়তো এই মহাবিশ্বের মোট শক্তির চেয়েও বেশি!
তথ্যের পাহাড়:
এই বিশাল পরিমাণ তথ্য রাখার মতো কোনো 'হার্ড ড্রাইভ' বা মেমরি মহাবিশ্বে তৈরি করা কি আসলেই সম্ভব?
প্রকৃতির ডায়েরিতে অতীত লেখা আছে ঠিকই, কিন্তু সেই ডায়েরি পড়ার চাবিকাঠি প্রকৃতি নিজের কাছেই লুকিয়ে রেখেছে।
কোনো শব্দ নয়, শুধু স্মৃতিই অমর হয়ে বেঁচে থাকে
আমরা যখন কথা বলি, শব্দগুলো বাতাসে মিলিয়ে যায় ঠিকই, কিন্তু তার প্রভাব কখনো হারিয়ে যায় না।
একে বলা হয় 'রিপল ইফেক্ট'।
আপনার দাদুর দেওয়া একটি ছোট উৎসাহমূলক কথা হয়তো আপনার বাবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল, আর সেই আত্মবিশ্বাসের কারণেই আজ আপনি এই অবস্থানে আছেন।
সেই শব্দগুলো কিন্তু এখন আর নেই, কিন্তু সেই শব্দের শক্তি আপনার রক্তে মিশে আছে।
মানুষ অমর নয়, কিন্তু তার রেখে যাওয়া কাজের প্রভাব সবসমই অমর হয়ে থেকে যায়।
মানুষ তার কণ্ঠস্বর নয়, বরং রেখে যায় তার জীবনগাথা। আমরা হাজার বছর আগের মানুষের কথামালাগুলো হয়তো আর খুঁজে পাবনা, কিন্তু তাদের আঁকা ছবি, লেখা কবিতা বা সুর করা গান আজও আমাদের জীবনে গভীর ভাবে প্রভাবিত করে চলেছে।
আমাদের কণ্ঠস্বর কোনো মেমোরি চিপে নয়, বরং বেঁচে থাকে আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা আর মানুষের মনুষ্যত্বের ভেতরে।









