একটি ফাঁকা ঘরে একা দাঁড়িয়ে থাকলে আমাদের মনে হয়, চারপাশটা যেন একদম খালি। এবার একটু কল্পনা করুনতো মহাশূন্যের সেই বিশাল অন্ধকারের কথা, যেখানে কোনো গ্রহ নেই, নক্ষত্র নেই, এমনকি আলোও নেই।
আমাদের সাধারণ চোখে কিন্তু এটাই হলো ‘পরম শূন্যতা’।
কিন্তু বিজ্ঞান বলছে—মহাবিশ্বের কোনো জায়গাই আসলে খালি নয়!
যেখানে আমরা 'কিছু নেই' বলে ভাবি, সেখানেও প্রতি মুহূর্তে চলছে এক রহস্যময় শক্তির খেলা। বিজ্ঞানীদের ভাষায় একেই বলে ‘কোয়ান্টাম জগত’। সেখানে আমাদের অগোচরেই চলছে এমন সব কাণ্ডকারখানা, যা আমাদের সাধারণ বুদ্ধিতে কল্পনা করাও আসলে কঠিন হয়ে পরে।
সেই ‘খালি’ মনে হওয়া জায়গাগুলো সদা সক্রিয় এক বিস্ময়কর জগৎ, এক অদেখা খেলা চলে প্রতি ন্যানোসেকেন্ডে।
বিজ্ঞানের চোখে 'শূন্য' শব্দের আসল মানে কী। চলুন, চেনা জগতের বাইরের সেই অচেনা জগত থেকে একটুখানি ঘুরে আসি।
শূন্যতার ধারণাটা কি আমাদের একটু ভুল ভাবনা?
আমাদের মনের সাধারণ ধারণা হলো—যা চোখে দেখা যায় না বা হাত দিয়ে ছোঁয়া যায় না, তার বোধহয় আসলে কোনো অস্তিত্বই নেই। আমরা কেবল আমাদের চারপাশের চেনা জগতটাকেই সত্যি বলে মেনে নিই।
কিন্তু প্রকৃতির বিশালতা কি আমাদের এই সামান্য দেখার মধ্যে সীমাবদ্ধ?
আসলে প্রকৃতি আমাদের চোখ আর হাতের স্পর্শের চেয়েও অনেক বেশি গভীর এবং সূক্ষ্ম।
আমরা যা দেখছি, তা হয়তো বিশাল এক সত্যের সামান্য একটি অংশ মাত্র। আমাদের এই সীমিত দৃষ্টিভঙ্গির বাইরেও লুকিয়ে আছে এক অসীম রহস্যময় জগত, যা আমরা অনুভব করতে না পারলেও প্রকৃতি কিন্তু ঠিক তার আপন নিয়মেই চলছে।
সহজ কথায় যদি বলি তাহলে সত্যিটা আমাদের অনুভবের সীমাবদ্ধতার চেয়েও অনেক বড়।
আমরা যে শূন্যতা চোখ দিয়ে দেখি, সেটাই কি আসল ছবি?
আচ্ছা মনে করুন আপনার সামনে কয়েকটি ফাঁকা কাঁচের বোতল আছে। তাকিয়ে মনে হচ্ছে বোতলের ভেতরে একদম কিছুই নেই। কিন্তু আসলেও কি তাই?
আমাদের চোখ কেবল সেটুকুই দেখে, যা প্রকৃতি আমাদের দেখাতে চায়।
অথচ সেই বোতলের ভেতর দিয়েই কিন্তু অদৃশ্য রেডিও তরঙ্গ, এক্স-রে কিংবা গামা রশ্মি সারাক্ষণ বয়ে যাচ্ছে। আপনি বোতলের এক পাশ থেকে টিভির রিমোট চাপলে অন্য পাশে থাকা টিভিতে কিন্তু ঠিকই সিগন্যালটি পৌঁছাবে।
তাহলে যা চোখে দেখা যাচ্ছে না, তাকে কি আমরা 'নেই' বলতে পারি?
এখানে আসল সত্যিটা হলো আমাদের ইন্দ্রিয় বা অনুভূতিগুলো প্রকৃতির পুরো ছবিটা ধরার ক্ষমতা রাখে না, এটা আসলে বলা চলে আমাদের একরকম সীমাবদ্ধতা।
আমরা মহাবিশ্বের বিশালতার মাঝে খুব ছোট্ট একটা সীমানায় বাস করি। আমাদের মস্তিষ্ক শুধু সেই তথ্যগুলোই গ্রহণ করে, যা আমাদের বেঁচে থাকার জন্য জরুরি।
আমরা যা দেখি বা শুনি, তার বাইরেও এক বিশাল জগৎ আছে যা আমাদের পঞ্চেন্দ্রিয় ছুঁতে পারে না বা আমাদের অনুভবের মধ্যে আসে না।
আমরা যা দেখি তা বাস্তবতার একটা ছোট্ট অংশ মাত্র।
বিজ্ঞানের দৃষ্টিতে 'খালি জায়গা' বলতে কিছুই নেই!
আমরা খালি চোখ যা দেখি, বিজ্ঞান তার চেয়ে অনেক বেশি গভীর ভাবে দেখতে পায়। সাধারণ চোখে মহাকাশের ফাঁকা জায়গা বা পরমাণুর ভেতরের অংশকে আমরা 'খালি' মনে করি। কিন্তু কোয়ান্টাম পদার্থবিজ্ঞান বলে —এই মহাবিশ্বে 'পুরোপুরি খালি' বলে কিছু নেই!
যাকে আমরা শূন্যস্থান ভাবি, সেখানে সব সময় চলছে 'জিরো-পয়েন্ট এনার্জি' বা শূন্য-বিন্দু শক্তির খেলা।
এই রহস্যময় জগতের মূল কথাগুলো হলো:
অবিরাম চঞ্চলতা:যাকে আমরা শূন্য ভাবি, সেখানেও শক্তির কণাগুলো সবসময় কাঁপছে।
তৈরি ও বিলোপের খেলা:একদম সর্বনিম্ন শক্তির স্তরেও সেখানে প্রতি মুহূর্তে অণু-পরমাণু তৈরি হচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে।
অদৃশ্য শক্তি:আমাদের চারপাশের এই তথাকথিত 'শূন্যতা' আসলে এক বিশাল শক্তির ভাণ্ডার।
তাহলে আসল রহস্যটা কোথায়? যাকে আমরা 'নাই' বলি, সেখানে আসলে 'কী আছে'?
সেই গল্প জানতে আমাদের ঢুকতে হবে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র ও অদ্ভুত জগতে।
কোয়ান্টাম জগতে ঢোকা: যেখানে নিয়মই আলাদা
আমাদের পরিচিত পৃথিবীর নিয়ম এখানে একেবারেই খাটে না। এখানে কোনো কিছুই স্থির নয়, নিশ্চিত নয়। এ জগতের নিয়ম বুঝতে হলে আমাদের প্রথমে ছেড়ে দিতে হবে দৈনন্দিন জীবনের সব লজিক।
পরমাণুর ভেতরের সেই অদ্ভুত দুনিয়াটা আসলে কেমন?
আচ্ছা এভাবে যদি একটু ভাবি যে, একটি বিশাল ফুটবল স্টেডিয়াম।
যদি একটি পরমাণুটা সেই স্টেডিয়ামের সমান হয়, তবে এই পরমাণুর নিউক্লিয়াসটি হবে মাঠের ঠিক মাঝখানে থাকা একটি মাত্র মার্বেল গুটির সমান!
অবাক করার মতো বিষয় হলো, পরমাণুর বাকি বিশাল জায়গাটা একদম ফাঁকা।
সেই ফাঁকা জায়গায় ঘুরে বেড়ায় ইলেকট্রন নামের অতি ক্ষুদ্র কিছু কণা। তবে এরা কিন্তু আমাদের চেনা জগতের মতো নির্দিষ্ট কোনো পথে চলে না (যেমন সূর্যের চারপাশে নিয়ম মেনে পৃথিবী ঘোরে)।
তাহলে এরা কীভাবে থাকে?
বিজ্ঞানীরা একে বলেন ‘কোয়ান্টাম মেঘ’।
আপনি কখনোই জোর দিয়ে বলতে পারবেন না যে ইলেকট্রনটি ঠিক এই মুহূর্তে এই জায়গাতেই আছে। আপনি শুধু ধারণা করতে পারবেন যে সেটি কোন এলাকায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এই যে "নিশ্চিত করে কিছু বলতে না পারা"—এটাই হলো কোয়ান্টাম জগতের সবচেয়ে বড় বিস্ময়। যা আমাদের চেনা জগতের সব নিয়মকে ওলটপালট করে দেয়।
ছোট্ট কণাদের আচরণ যদি আপনি দেখতে পেতেন তাহলে আপনি হতবাক হয়ে যেতেন !
এই ছোট্ট কণাগুলোর আচরণ আসলে খুব ভয়ংকর রকমের এক অদ্ভুত মজার জগৎ, যার নিয়মকানুন আমাদের চেনা পৃথিবীর ঠিক উল্টো।
এই রহস্যময় জগতের কিছু মজার নিয়ম হলো:
এরা যেন জাদুকর:
একটি ছোট্ট ইলেকট্রন একই সাথে কণা (Particle) আবার তরঙ্গের (Wave) মতো আচরণ করতে পারে, একটু সহজ করে যদি বলি :
ধরুন একটি ছোট্ট ম্যাজিক বলের কথা। এই বলটি কখনো সাধারণ টেনিস বলের মতো ছোটে, আবার কখনো পানির ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় একেই বলে কণা আর তরঙ্গের দ্বৈত রূপ।
সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি যতক্ষণ বলটির দিকে তাকিয়ে নেই, সে একই সাথে সবগুলো রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে! অর্থাৎ সে একই সময়ে এখানেও আছে, আবার ওখানেও আছে। কিন্তু যেই মুহূর্তে আপনি তাকে দেখতে যাবেন, সে চট করে যেকোনো একটি রাস্তায় সাধারণ বলের মতো হাজির হয়ে যাবে।
কোয়ান্টাম জগতের এই কণাগুলো অনেকটা লুকোচুরি খেলার মতো—আপনি না দেখলে সে সব জায়গায় থাকে, আর দেখলেই সে যেকোনো এক জায়গায় স্থির হয়ে যায়!
দেয়াল ভেদ করার ক্ষমতা:
সহজ করে বললে—মনে করুন, আপনি একটি পাহাড়ের দিকে একটি টেনিস বল ছুড়ে মারলেন। কিন্তু বলটি পাহাড় এর গায়ে লেগে আবার ফিড়ে আসার বদলে বলটি পাহাড় ফুটো করে বা পাহাড়ের ভেতর দিয়ে ম্যাজিকের মতো অন্য পাশে চলে গেল!
আর বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘কোয়ান্টাম টানেলিং’।
আমাদের সাধারণ পৃথিবীতে এটা অসম্ভব মনে হলেও, পরমাণুর এই ক্ষুদ্র জগতে এটাই কিন্তু বাস্তব।
শূন্যতার রহস্য:
এই সব অদ্ভুত ঘটনার পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এক গভীর রহস্য, যা আমাদের শেখায় যে আমরা যেটাকে 'শূন্য' ভাবি, তার ভেতরেও লুকিয়ে আছে অসীম বিস্ময়।
আসলে প্রকৃতির এই ক্ষুদ্রতম কণাগুলো আমাদের প্রচলিত সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এক রহস্যময় নিয়মে চলে।
কোয়ান্টাম ফ্লাকচুয়েশন: শূন্যতার বুকে 'ছলাকলা'
এবার আসল কথায় আসি।
আমরা যেটাকে 'খালি জায়গা' বা শূন্যতা মনে করি, কোয়ান্টাম বিজ্ঞানের চোখে সেটা মোটেও ফাঁকা নয়। বরং এটি হলো উত্তাল এক 'শক্তির সমুদ্র'।
বাইরে থেকে যেটাকে একদম শান্ত আর স্থির মনে হয়, তার ভেতরে প্রতি সেকেন্ডে যা ঘটছে তা জানলে আপনি বিমোহিত হয়ে যাবেন। সেখানে যেন এক অদৃশ্য অস্থিরতা সব সময় কাজ করছে। আমাদের চোখের সামনের এই তথাকথিত 'শূন্য' জায়গাটা আসলে রহস্যময় শক্তির এক বিশাল আধার।
শক্তি-কণাদের হঠাৎ সৃষ্টি, হঠাৎ ধ্বংস
আমরা যেটাকে একদম 'শূন্য' বা খালি জায়গা মনে করি, সেখানে সারাক্ষণ এক অদ্ভুত খেলা চলছে, যাকে বলা হয় কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা শূন্যতার কম্পন।
যদি একটু সহজ করে ভাবি তাহলে বিষয়টি ঠিক এমন দাঁড়ায়:
শূন্য থেকে জন্ম: মহাবিশ্বের প্রতিটি বিন্দুতে প্রতি মুহূর্তে একদম 'শূন্য' থেকে এক জোড়া কণা জন্ম নিচ্ছে। একটি হলো পদার্থের কণা (ইলেকট্রন), আর অন্যটি তার উল্টো বা প্রতি-পদার্থ (পজিট্রন)।
ক্ষণিকের বন্ধু : এরা জন্ম নেওয়ার সাথে সাথেই আবার একে অপরের সাথে ধাক্কা খায়। আর ধাক্কা লাগামাত্রই তারা বিলুপ্ত হয়ে গিয়ে আবার শক্তিতে মিশে যায়।
লুকোচুরি খেলা: এই পুরো ঘটনাটি ঘটে চোখের পলকের চেয়েও কোটি কোটি গুণ দ্রুত সময়ে। আমাদের তৈরী কোনো যন্ত্র দিয়ে এদের সরাসরি কিন্তু দেখা যায় না, তবে আমরা জানি এরা আছে—কারণ এদের প্রভাব বাস্তবিক অর্থে মেপে দেখা সম্ভব।
একটু ভাবুন তো, শূন্যতা থেকে ‘কিছু’ একটা আসছে এবং আবার ‘কিছুতে’ পরিণত হয়ে সেটি আবার মিলিয়ে যাচ্ছে, কি অদভুত তাই না !
এটি কি প্রকৃতির শুধুই ইচ্ছেমতো খামখেয়ালিপনা ?
প্রথমবার শুনলে মনে হতে পারে, প্রকৃতি বুঝি আমাদের সাথে কোনো রসিকতা করছে। কিন্তু আসলে এই অদ্ভুত নিয়মগুলোই মহাবিশ্বের আসল ভিত্তি।
এই ফ্লাকচুয়েশনই কোয়ান্টাম জগতের স্বাভাবিক, ‘স্থির’ অবস্থা।
যদি কোনওভাবে অথবা কোনো কারণে এই ফ্লাকচুয়েশন থেমে যায়, তাহলে আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের অনেকগুলো সূত্রই কিন্তু ভেঙে পড়বে।
এখন প্রশ্নগুলো দাঁড়ায় —
প্রকৃতি এই অনবরত জন্ম-মৃত্যুর খেলার শক্তি আসলে কোথায় পায়?
কীভাবে একদম 'কিছু না' থেকে 'কিছু একটা' তৈরি হয়?
এত অস্থিরতা কেন? শক্তির ধার নেওয়া-ফেরত দেওয়ার খেলা
এই অবিশ্বাস্য ঘটনার পেছনে রয়েছে কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে বিখ্যাত নীতিগুলোর একটি।
এটি শক্তি ও সময়ের, পরস্পরের এক গভীর সম্পর্কের কথা বলে, যা আমাদের খুব সহজেই বুঝতে একটু সহজ করে দেয় যে কীভাবে ‘কিছুই না’ থেকে ‘কিছু’ জন্ম নিতে পারে।
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি: বিশ্বব্রহ্মাণ্ডের 'নিয়মের ফাঁক'
১৯২৭ সালে জার্মান পদার্থবিদ ভের্নার হাইজেনবার্গ প্রথম একটি নীতি তত্ত্ব প্রস্তাব করেছিলেন । তখন এটি কেবল একটি গাণিতিক ধারণা বা থিওরি ছিল।
গত ১০০ বছরে অসংখ্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যা কিনা কোয়ান্টাম জগতের মূল চাবিকাঠি।
কোয়ান্টাম জগতের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এই নিয়মে, যার নাম ‘হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি (Heisenberg's Uncertainty Principle)।
শুনতে খটমটে মনে হলেও এর মূল কথাটি কিন্তু খুব সহজ।
আধুনিক ইলেকট্রনিক্স (যেমন: ট্রানজিস্টর বা কম্পিউটার চিপ) এবং লেজার প্রযুক্তির মতো যন্ত্রগুলো এই নীতির ওপর ভিত্তি করেই কিন্তু কাজ করে।
আরো সহজভাবে যদি একটু বলি তাহলে ব্যাপারটি ঠিক এমন ভাবে দাঁড়ায়:
একসাথে দুটি কাজ অসম্ভব:
ধরুন আমরা একটি অতি ক্ষুদ্র কণার অবস্থান (সে কোথায় আছে) একদম নিখুঁতভাবে জানতে চাই,
তাহলে আপনি যদি কণাটির জায়গা (সে কোথায় আছে) একদম ঠিকঠাক ভাবে জানতে চান, তবে তার গতি (সে কত জোরে চলছে) বোঝা যাবে না।
আবার যদি তার গতি ঠিকঠাক মাপতে যান, তবে তার জায়গা এলোমেলো হয়ে যাবে। এই দুটো জিনিস কখনোই একসাথে ১০০% নিখুঁতভাবে জানা সম্ভব নয়।
যেমন একটি লাটিম যখন খুব জোরে ঘোরে, তখন সে কত জোরে ঘুরছে সেটা বোঝা গেলেও, তার গায়ের নকশা বা ঠিক কোন বিন্দুতে সে অবস্থান করছে তা পরিষ্কার দেখা যায় না। এই দুটো তথ্য একসাথে পাওয়া অসম্ভব।
প্রকৃতির এক 'ম্যাজিক' অথবা ‘ফাঁকিবাজি’ও বলা যায়:
এই নিয়মটি শুধু কণার ক্ষেত্রেই ঘটে না, শক্তি আর সময়ের বেলাতেও কিন্তু এটি কাজ করে। প্রকৃতি যেন মাঝেমধ্যে আমাদের চোখের আড়ালে একটু 'লুকোচুরি' খেলে।
খুব অল্প সময়ের জন্য সে বিজ্ঞানের কঠিন সব নিয়মকে কিছুটা শিথিল করে দেয়, যেন আমরা টেরও পাই না যে সেখানে কী ঘটে গেল! যা সাধারণত আমাদের কাছে অসম্ভব বলে মনে হয়।
ব্যাঙ্ক থেকে শর্তহীন লোন নেয়া:
বিশ্বব্রহ্মাণ্ড যেন একটি আজব ব্যাংক! এই ব্যাংক থেকে আপনি যখন খুশি টাকা (শক্তি) ধার নিতে পারেন, কোনো গ্যারান্টি লাগবেনা। একে বলা যায় প্রকৃতির এক 'শর্তহীন লোন'।
কিন্তু এই লোনের একটি খুব কড়া নিয়মও কিন্তু আছে:
সেটা হলো যত বেশি ধার করবেন, তত দ্রুত সেটি শোধ করতে হবে। আপনি যদি বড় অংকের টাকা (বেশি শক্তি) ধার করেন, তবে চোখের পলকেই সেটা ফেরত দিতে হবে। আর যদি খুব সামান্য ধার করেন, তবে সেটা শোধ করার জন্য একটু বেশি সময় পাবেন।
আসলে মহাবিশ্ব এই 'ফাঁকিবাজি' বা ধার করা শক্তি দিয়েই তার অনেক গোপন রহস্য পরিচালনা করে। প্রকৃতি মুহূর্তের জন্য শূন্য থেকে শক্তি নিয়ে আবার তা ফিরিয়ে দিয়ে সবকিছুর ভারসাম্য বজায় রাখে।
শূন্যতা থেকে 'সৃষ্টি' হয়, আবার 'লীন' হয়ে যায় – প্রকৃতির অবিশ্বাস্য জাদু!
শূন্য থেকে হঠাৎ একজোড়া কণা তৈরি হয়। কিন্তু যেহেতু এই শক্তিটা মহাবিশ্বের কাছ থেকে 'ধার' নেওয়া হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তা দ্রুত ফেরতও দিতে হয়।
এই কণাগুলো তৈরি হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই একে অপরকে ধাক্কা দিয়ে ধ্বংস করে ফেলে এবং শক্তিটা আবার প্রকৃতিতে ফিরে যায়।
এই পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে আমরা আমাদের খালি চোখে শক্তির কোনো পরিবর্তন দেখি না। যদি এই কণাগুলো নিজেদের ধ্বংস না করত, তবে মহাবিশ্বের মৌলিক নিয়মগুলো কিন্তু ভেঙে যেত।
এখন প্রশ্ন হলো— চোখের পলক ফেলার আগেই যে কণাগুলো জন্মে আবার মরে যাচ্ছে, তাদের কি সত্যিই কোনো অস্তিত্ব আছে?
নাকি এগুলো বিজ্ঞানীদের শুধুই কল্পনাপ্রসূত ধারণা?
অদেখাকে প্রমাণ করার যুদ্ধ: বৈজ্ঞানিকদের চ্যালেঞ্জ
কোয়ান্টাম ফ্লাকচুয়েশন’ শব্দটা শুনতে চমৎকার হলেও, বিজ্ঞান কেবল সুন্দর তত্ত্বে সন্তুষ্ট নয়।
বিজ্ঞান চায় শক্ত প্রমাণ। কিন্তু সমস্যাটা হলো, এই যে কণাগুলো শূন্য থেকে যে জন্মাচ্ছে আর মিলিয়ে যাচ্ছে, এদেরতো সরাসরি দেখা বা ধরা যাচ্ছে না।
তাহলে বিজ্ঞানীরা কীভাবে নিশ্চিত হলেন যে শূন্যতার মাঝে এমন কাণ্ড ঘটে চলেছে?
বিজ্ঞানীদের বুদ্ধিটা অনেকটা এমন:
বাতাস যেমন দেখা যায় না, কিন্তু গাছের পাতার নড়াচড়া দেখে বোঝা যায় বাতাস আছে—ঠিক তেমনি!
গবেষণাগারে শূন্যতার 'গুঞ্জন' শোনার চেষ্টা!
বিজ্ঞানীরা সরাসরি এই অদৃশ্য কণাগুলোকে দেখতে না পেলেও খুব সূক্ষ্ম যন্ত্র দিয়ে এদের কাজের প্রমাণ কিন্তু ঠিকই ধরে ফেলেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্রমাণ হলো ‘ল্যাম্ব শিফট’।
আমরা একটু সহজ করে যদি ভাবি:
হাইড্রোজেন পরমাণুর কারসাজি:
হাইড্রোজেন পরমাণুর ভেতর ইলেকট্রনগুলো নির্দিষ্ট একটি পথে ঘোরে। বিজ্ঞানীরা খেয়াল করলেন, শূন্যতার ভেতর সেই অদৃশ্য শক্তির ধাক্কায় ইলেকট্রনগুলো তাদের চলার পথে খুব সামান্যই এদিক-ওদিক হচ্ছে।
সূক্ষ্ম পার্থক্য:
এই পরিবর্তনটা এতই ছোট যে সাধারণ কোনো চোখে এটি কখনোই ধরা পড়ে না। কিন্তু অতি শক্তিশালী যন্ত্র দিয়ে মেপে মেপে এটি বের করা গেছে।
মনে করুন, একটি ঘরে বাতাস আছে কি না তা প্রমান করার জন্য আমরা হিসাব করলাম, যদি ঘরে বাতাস থাকে তবে পাখির একটি পালক ৩ ফুট দূরে গিয়ে পরবে। এবার ফ্যান ছাড়ার পর দেখা গেল পালকটি ঠিক ৩ ফুট দূরেই গিয়েই পড়লো। এটি দেখেই আমরা নিশ্চিত হলাম যে ঘরে বাতাস আছে।
ইলেকট্রনের ক্ষেত্রেও বিজ্ঞানীরা ঠিক এইভাবেই প্রমাণ পেয়েছেন।
বিজ্ঞানীরা অঙ্ক কষে বের করেছিলেন যে, ওই অদৃশ্য কণাগুলো থাকলে, ইলেকট্রনটি আসলে কতটুকু সরার কথা। আর তারা বাস্তবে মেপে দেখলেন, ইলেকট্রনটি ঠিক যতটুকু সরার কথা ছিল ঠিক ততটুকুই সরেছে।
এই নিখুঁত মিলটাই প্রমাণ করে যে অদৃশ্য কণাগুলো আসলেই সেখানে আছে।
অথবা মনে করুন, আপনি আপনার Mitsubishi Evo 10 গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়ার পর ইঞ্জিনের শব্দ শুনতে পাচ্ছেন না, এরপর আপনি আপনার গাড়ির বনেটের ওপর একটি পানির গ্লাস রাখলেন এবং দেখলেন গ্লাসের পানি হালকা করে কাঁপছে। এই পানির কম্পনই বলে দিচ্ছে যে ভেতরে ইঞ্জিনটা চালু আছে।
ঠিক তেমনি, ইলেকট্রনের এই সামান্য ‘সরে যাওয়া’ বা কম্পনই হলো ল্যাম্ব শিফট, যা প্রমাণ করে মহাবিশ্বের শূন্যতা আসলে মোটেও শান্ত নয়, বরং সেখানে এক বিশাল ইঞ্জিন সারাক্ষণ সচল রয়েছে।
ক্যাসিমির এফেক্ট: শূন্যতার কম্পন যখন বাস্তব রূপ নেয়
এটিই হয়তো সবচেয়ে চমৎকার ভাবে প্রমাণিত শূন্যতার শক্তির সবচেয়ে হাতেনাতে প্রমাণ।
১৯৪৮ সালে ডাচ পদার্থবিদ বিজ্ঞানী হেনড্রিক ক্যাসিমি একটি অদ্ভুত কথা বলেছিলেন, যা পরে সত্যি বলে প্রমাণিত হয়েছে।
যদি আপনি শূন্যের কাছাকাছি তাপমাত্রায় দুইটা সম্পূর্ণ চকচকে ধাতব প্লেট পরস্পরের খুব কাছাকাছি (প্রায় কয়েক ন্যানোমিটার দূরে) সমান্তরালভাবে রাখেন, তাহলে একটি অদৃশ্য শক্তি তাদের একটিকে অপরটির দিকে কাছে টেনে নেবে।
সহজভাবে বিষয়টি আসলে কী?
ধরা যাক, আমরা আয়নার মতো চকচকে দুটি ধাতব প্লেট নিলাম।
এবার সেগুলোকে একদম কাছাকাছি দূরত্বে মুখোমুখি রাখলাম, যেন দুটি প্লেটের মাঝের দূরত্ব হবে ঠিক আমাদের মাথার একটি চুলকে এক হাজার ভাগের এক ভাগ দূরত্বের সমান।
আপনি অবাক হয়ে দেখবেন, কোনো কিছু ছাড়াই একটি অদৃশ্য শক্তি প্লেট দুটিকে একে অপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে!
কেন এমন হয়?
ভেতরে আর বাইরে:
আমরা জানি, শূন্যতার মাঝে সবসময় অদৃশ্য কণা বা তরঙ্গ লাফালাফি করছে। প্লেট দুটির বাইরের দিকে অনেক জায়গা, তাই সেখানে প্রচুর পরিমাণে তরঙ্গ ধাক্কা দেওয়ার সুযোগ পায়।
চাপের পার্থক্য:
কিন্তু প্লেট দুটির মাঝখানের ফাঁকা জায়গাটা এতই কম যে, সেখানে খুব সামান্য পরিমান তরঙ্গই ঢুকতে পারে।
ফলে বাইরের দিক থেকে ধাক্কা বা চাপ বেশি হয় আর ভেতরের দিকে চাপ কম থাকে। এই চাপের অসামঞ্জস্যই প্লেট দুটিকে একটার সাথে আরেকটাকে জোড়া লাগিয়ে দিতে চায়।
কেন এটি গুরুত্বপূর্ণ?
১৯৯০-এর দশকে ল্যাবরেটরিতে এই বলটি সরাসরি মাপা সম্ভব হয়েছে। এটিই কিন্তু প্রমাণ করে যে, শূন্যস্থান আসলে মোটেও খালি নয়—সেখানে এক বিশাল শক্তির সমুদ্র লুকিয়ে আছে যা এমনকি ধাতব প্লেটকেও নড়াচড়া করাতে পারে!
শুধু তত্ত্ব কথা নয়, বাস্তব জীবনেও কিন্তু এর প্রভাব আছে!
এখন আমরা ভাবতে পারি, এই সব তো খুব ছোট স্কেলে, পরীক্ষাগারের জটিল সব জটিল পরীক্ষার কথাবার্তা।
এর সাথে আমাদের মহাবিশ্ব বা দৈনন্দিন জীবনের আসলে সম্পর্কটা কোথায়?
আশ্চর্য হলেও সত্যি, এই অতি সূক্ষ্ম ঘটনাই গোটা মহাবিশ্বের গঠন ও ভবিষ্যৎ নির্ধারণে বিশাল ভূমিকা পালন করে চলেছে।
নক্ষত্রের জন্ম আর মৃত্যুর পেছনে এই ফ্লাকচুয়েশনের ভূমিকা
মহাকাশের বিশাল নক্ষত্রগুলোর ভেতর সারাক্ষণ যেন এক মহাপ্রলয় চলছে। সেখানে প্রচণ্ড তাপে আর চাপে শক্তি তৈরি হয়। কিন্তু এই শক্তি তৈরির শুরুটা কিন্তু মোটেও সহজ নয়।
প্রোটনের লড়াই:
নক্ষত্রের ভেতর শক্তি তৈরি করতে হলে দুটি প্রোটন কণাকে একে অপরের সাথে জুড়তে হয়। কিন্তু সমস্যা হলো, দুজনেরই চার্জ এক হওয়ায় তারা চুম্বকের মতো একে অপরকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সাধারণ নিয়মে এদের জোড়া লাগানো অসম্ভব।
দেওয়াল পার হওয়ার জাদু:
এখানেই কিন্তু কাজে আসে সেই 'কোয়ান্টাম টানেলিং' এর যেটা আমরা আগে উল্লেখ করেছি। প্রোটনগুলো সেই অদৃশ্য বাধার দেওয়াল ভেদ করে একে অপরের সাথে মিশে যায়।
শূন্যতার দান:
বিজ্ঞানীরা মনে করেন, শূন্যতার সেই অস্থিরতা বা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন না থাকলে এই অসম্ভব কাজটি সম্ভব হতো না। অর্থাৎ, শূন্যতার সেই ছোট্ট নড়াচড়াই নক্ষত্রের বুকে আগুনের আলো জ্বালিয়ে দেয়।
নক্ষত্র যখন তার জীবনের শেষ বেলায় বিশাল এক বিস্ফোরণ (সুপারনোভা) ঘটায়, তখন সেখান থেকেই তৈরি হয় সোনা, রূপা বা লোহার মতো সব নতুন মৌল।
তার মানে, আজ আপনার হাতে থাকা আংটি বা শরীরের রক্তে থাকা লোহা—সবকিছুর পেছনেই রয়েছে শূন্যতার সেই রহস্যময় শক্তি। ব্যাপারটি কিন্তু বেশ মজার, তাই না?
মহাবিশ্বের সম্প্রসারণের গতির পেছনে কি এই 'শূন্যতার শক্তি' দায়ী?
বিজ্ঞানীরা ১৯৯৮ সালে এক অবাক করা তথ্য জানতে পারেন। তারা দেখলেন, আমাদের মহাবিশ্ব কেবল বড়ই হচ্ছে না, বরং এর বড় হওয়ার গতি সময়ের সাথে সাথে আরও বেড়ে চলেছে।
এখন প্রশ্ন হলো—কে এই মহাবিশ্বকে এত জোরে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে?
অদৃশ্য শক্তি (Dark Energy):
এই রহস্যময় শক্তির নাম দেওয়া হয়েছে ‘ডার্ক এনার্জি’। কেউ একে সরাসরি দেখতে পায় না, কিন্তু এর প্রভাব মহাবিশ্বের সবখানে বিদ্যমান।
শূন্যতাই যখন শক্তির উৎস:
বিজ্ঞানীরা আরো ধারণা করে থাকেন যে, এই শক্তির আসল ঠিকানা হলো সেই ‘শূন্যতা’ বা খালি জায়গা। আমরা যেটাকে একদম খালি ভেবে বসে আছি, তার মধ্যেই হয়তো এমন এক বিশাল শক্তি লুকিয়ে আছে যা পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে।
ছায়াপথগুলোকে দূরে ঠেলে দেওয়া:
আমরা ক্যাসিমির ইফেক্টে দেখেছিলাম যে, অদৃশ্য কণার চাপে দুটি প্লেট একে অপরের কাছে চলে আসে। কিন্তু ডার্ক এনার্জি কাজ করে ঠিক তার উল্টোভাবে।
মনে করুন, একটি বেলুনের গায়ে আপনি অনেকগুলো বিন্দু আঁকলেন (এগুলো হলো একেকটি ছায়াপথ)। এবার আপনি যখন বেলুনটিতে ফু দিয়ে বাতাস দিয়ে ফোলাবেন, তখন বেলুনটি যত ফুলবে, বিন্দুগুলো একে অপরের থেকে তত দূরে সরে যাবে।
মহাকাশের সেই খালি জায়গা বা 'শূন্যতা' ঠিক এই বাতাসের মতোই কাজ করছে। এটি প্রতিনিয়ত নতুন শক্তি তৈরি করে মহাবিশ্বকে ফুলিয়ে তুলছে, যার ফলে ছায়াপথগুলো একে অপরের থেকে প্রচণ্ড গতিতে দূরে ছিটকে যাচ্ছে।"
যে শূন্যতাকে আমরা আমাদের খুবই আবদ্ধ জ্ঞানে কিছুই না বলে মনে করি, সেই শূন্যতাই আসলে মহাবিশ্বের ভাগ্য ঠিক করে দিচ্ছে।
আমাদের দৈনন্দিন জগতকে কি এটা প্রভাবিত করে?
“খুব সুন্দর তত্ত্ব তাই না, কিন্তু আমাদের সকালের চা বা স্মার্টফোন চালানোর সাথে এটার সম্পর্কটা কী?”
—এই প্রশ্নটি কিন্তু খুব স্বাভাবিক।
উত্তর হলো, হ্যাঁ, সরাসরি বা পরোক্ষভাবে, কোয়ান্টাম জগতের এই বিস্ময়ই কিন্তু আমাদের প্রত্যেকদিনের ব্যবহৃত প্রযুক্তির মেরুদণ্ড তৈরি করে দিয়েছে।
আমাদের স্মার্টফোনের ট্রানজিস্টরও কিন্তু কাজ করে এই কোয়ান্টাম এর নীতি অনুযায়ী !
আপনার স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারের আসল প্রাণ ভোমর কিন্তু এর ভেতর থাকা মাইক্রোচিপ। আর এই চিপের ভেতরে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টর।
ট্রানজিস্টর আসলে কী?
সহজ করে যদি বলি তাহলে, এটি হলো একটি ছোট সুইচের মতো। এটি ইলেকট্রন প্রবাহকে চালু বা বন্ধ করে ডিজিটাল সংকেত (০ এবং ১) তৈরি করে। এই ০ আর ১ দিয়েই আমাদের ফোনের সব application কাজ করে।
এখানে কোয়ান্টাম জগতের কারসাজিটা কোথায়?
অবিশ্বাস্য ছোট আকৃতি:
আজকালকার ট্রানজিস্টরগুলো এত বেশি ছোট হয়ে গেছে যে, সেখানে আমাদের পরিচিত জগতের প্রচলিত সাধারণ নিয়ম আর খাপ খাচ্ছে না। সেখানে ইলেকট্রনগুলো চলে একদম কোয়ান্টাম নিয়ম মেনে।
দেওয়াল টপকানো Quantum Tunneling:
অনেক সময় ট্রানজিস্টরের ভেতরে ইলেকট্রনকে এমন সব বাধা পার হতে হয়, যা সাধারণ পদার্থবিজ্ঞানের নিয়মে অসম্ভব। কিন্তু কোয়ান্টাম টানেলিং-এর মাধ্যমে ইলেকট্রনগুলো সেই বাধা ‘ম্যাজিকের মতো’ পার হয়ে যায়।
আমরা যদি কোয়ান্টাম জগতকে বুঝতে না পারতাম, তবে আজকের এই আধুনিক ট্রানজিস্টর তৈরি করা কখনোই সম্ভব হতো না। অর্থাৎ, কোয়ান্টাম মেকানিক্স না থাকলে আপনার হাতে থাকা এই শক্তিশালী স্মার্টফোনটির কোনো অস্তিত্বই থাকতো না!
ভবিষ্যতের প্রযুক্তি: এই 'শূন্যতার শক্তি' দিয়েই কি চলবে আমাদের ভবিষ্যতের যন্ত্রপাতি?
শুনতে হয়তো সায়েন্স ফিকশন মুভি Inception এর মতো লাগছে, কিন্তু বিজ্ঞানীরা কিন্তু সত্যিই এটিকে নিয়ে কাজ করে চলেছেন।
আমরা যদি রোদ থেকে সৌরশক্তি বা বাতাস থেকে বায়ুশক্তি তৈরি করতে পারি, তবে 'শূন্য' থেকে কেন সেটি সম্ভব নয়?
ভবিষ্যতে এটি যেভাবে আমাদের কাজে লাগতে পারে:
শূন্যতার শক্তি (Zero-Point Energy):
বিজ্ঞানীরা ভাবছেন, শূন্যতা থেকে যে শক্তি 'ধার নেওয়া' হয়, তাকে যদি কোনোভাবে বন্দি করা যায় তাহলে ? হয়তো একদিন ক্যাসিমির ইফেক্টকে কাজে লাগিয়ে এমন সব ক্ষুদ্র যন্ত্র (ন্যানো-মেশিন) তৈরি হবে, যা চলবে কোনো জ্বালানি ছাড়াই—শুধু শূন্যতার শক্তিতে।
কোয়ান্টাম কম্পিউটার:
আজকের কম্পিউটার যেভাবে কাজ করে, কোয়ান্টাম কম্পিউটার তার চেয়ে কোটি গুণ শক্তিশালী হবে। এই কম্পিউটারগুলো চলবে কোয়ান্টাম জগতের সেই অদ্ভুত নিয়মগুলো ব্যবহার করে। এটি সফল হলে চিকিৎসা বিজ্ঞান থেকে মহাকাশ গবেষণা—সবকিছু আমূল বদলে যাবে।
নতুন এক বিপ্লব:
আমরা এখন যেভাবে কয়লা বা তেল ব্যবহার করি, হয়তো কয়েকশ বছর পর মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করবে। তখন হয়তো মানুষ সরাসরি মহাকাশের খালি জায়গা বা 'শূন্যতা' থেকেই অসীম শক্তি সংগ্রহ করার উপায় বের করে ফেলবে।
যে শূন্যতাকে আমরা 'কিছুই না' ভাবি, সেটাই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তির আধার।
একটি প্রশ্ন: তাহলে 'কিছুই না' বলে কিছু নেই?
এতক্ষণ আমরা বিজ্ঞান নিয়ে কথা বললাম। কিন্তু কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আমাদের জন্য একটি গভীর দার্শনিক প্রশ্নও কিন্তু আমাদের সামনে উন্মোচন করে।
এটি আমাদের অস্তিত্ব, শূন্যতা এবং সৃষ্টির ধারণাকেই চ্যালেঞ্জ করে।
শূন্যতা যদি সক্রিয় হয়, তাহলে আমরা 'অস্তিত্ব' কাকে বলব?
আমরা সাধারণত মনে করি, যা কিছু আমরা চোখে দেখি বা হাত দিয়ে ছুঁতে পারি, সেটাই কেবল বাস্তব।
কিন্তু কোয়ান্টাম বিজ্ঞান আমাদেরকে অন্য আর এক পৃথিবীর কথা বলছে।
এটি বলছে—এমন অনেক কিছু আছে যা আমরা সরাসরি অনুভব করতে পারি না, কিন্তু তারা প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।
তাহলে প্রশ্ন জাগে—আসল ‘অস্তিত্ব’ কী?
স্থায়িত্ব নাকি পরিবর্তন:
অস্তিত্ব কি কেবল সেটি যা সব সময় একভাবে টিকে থাকে? নাকি যা প্রতিনিয়ত বদলাচ্ছে বা জন্ম নিচ্ছে, নাকি সেটিও অস্তিত্বের একটি অংশ?
বিজ্ঞান ও দর্শনের মেলবন্ধন:
একজন দার্শনিকের চোখ : শূন্যতা' মানে কিছু না থাকা নয়, বরং অনেক কিছুর হওয়ার সম্ভাবনা।
আবার একজন বিজ্ঞানীর চোখ : এটি হলো ক্ষুদ্র শক্তি-কণাদের সারাক্ষণ চলতে থাকা এক 'অদৃশ্য শক্তি'।
ভ্রান্তি থেকে মুক্তি:
দার্শনিক আর বিজ্ঞানী তাদের দুজনের মতেই, মহাবিশ্বে 'কিছুই নেই'—এই ধারণাটিই আসলে সম্পূর্ণ ভাবে ভুল একটি ধারণা। যা কিছু আমরা খালি জায়গা বা শূন্যতা মনে করছি, তা আসলে হাজারো সম্ভাবনা আর শক্তির এক বিশাল ভাণ্ডার।
আমরা আসলে যেটাকে 'শূন্য' ভাবছি, তা আসলে লুকিয়ে থাকা এক ধরণের 'পূর্ণতা'।
আমাদের মহাবিশ্ব কি এক বিরাট কোয়ান্টাম ফ্লাকচুয়েশন?
এটিই মনে হয় বিজ্ঞানের সবচেয়ে অবাক করা প্রশ্নগুলোর একটি।
অনেক বিজ্ঞানীই কিন্তু মনে করেন, আমাদের এই বিশাল মহাবিশ্ব হয়তো আসলে একটি 'কোয়ান্টাম ফ্লাকচুয়েশন' বা শূন্যতার সামান্য একটি নড়াচড়া মাত্র।
আমরা যে 'বিগ ব্যাং' বা মহাবিস্ফোরণকে মহাবিশ্বের শুরু বলে জানি, সেটি হয়তো শূন্যতার সেই বিশাল সাগরে তৈরি হওয়া একটি ছোট্ট 'বুদবুদ'। এই বুদবুদটি কোনো কারণে টিকে গেছে এবং সময়ের সাথে সাথে বড় হয়ে আজকের এই বিশাল মহাবিশ্ব তৈরি করেছে।
যদি এই ধারণা সত্যি হয়ে থাকে, তবে আমরা যেটাকে ‘সৃষ্টি’ বা ‘জন্ম’ বলি, তার মানে কি পুরোপুরি বদলে যাবে না ?
এর অর্থ দাঁড়াবে—আমরা, আমাদের পৃথিবী এবং এই কোটি কোটি নক্ষত্র, আসলে এক বিশাল 'শূন্যতা' থেকে তৈরি হওয়া অস্থায়ী কিছু।
আমরা সবাই হয়তো সেই ‘কিছুই না’ বা শূন্যতারই একেকটি অংশ।
শূন্য থেকে আমাদের শুরু, আর হয়তো কোনো একদিন আমরা আবার সেই শূন্যতাতেই মিলিয়ে যাবো।
আমাদের চারপাশের এই কঠিন বাস্তব জগৎটা আসলে হয়তো শূন্যতারই এক অসাধারণ কারুকাজ।
আমার মতো সাধারণ মানুষের জন্য কোয়ান্টাম ফিজিক্স বুঝতে পারা আসলে কতটা জরুরী ?
এত জটিল, এত বিমূর্ত একটা বিষয় নিয়ে মাথা ঘামানোর কি কোনো দরকার আছে?
আমাদের তো দৈনন্দিন জীবনের সমস্যাই অনেক।
এর সোজা সাপটা উত্তর হলো: আমাদের বিশ্বদৃষ্টি গঠনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভয় না কৌতূহল – কোনটা হওয়া উচিত আমাদের প্রতিক্রিয়া?
কোয়ান্টাম জগতের বিস্ময়কর সত্য শুনে অনেকেরই প্রথম প্রতিক্রিয়া হতে পারে ভয় বা বিভ্রান্তি।
কারণ, এটি আমাদের পরিচিত, আরামদায়ক বাস্তবতাকে সম্পূর্ণ রূপে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু এর সঠিক প্রতিক্রিয়া হওয়া উচিত বিস্ময় ও কৌতূহল।
আমরা যদি শিশুদের মতো বিস্ময় নিয়ে ভাবি যে “বাহ! প্রকৃতি এত অদ্ভুত এবং সুন্দরভাবে কাজ করতে পারে!”—তাহলে আমাদের মনে হবে এটি জানা আমাদের জন্য খুব মজার একটি ব্যাপার।
মহাবিশ্বকে নতুন দৃষ্টিতে দেখতে শেখাই কিন্তু এর আসল লক্ষ্য
কোয়ান্টাম ফিজিক্স বোঝার মূল লক্ষ্য কোনো অংকের সূত্র মুখস্থ করা নয়।
বরঞ্চ এর লক্ষ্য হল আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করা।
আপনি যখন রাতে খালি চোখে তারার দিকে তাকাবেন, তখন শুধু মিটমিটে আলোই দেখবেন না।
ভাবুন তো, সেখানে আসলে কী ঘটছে?
সেখানে প্রতি মুহূর্তে অদৃশ্য সব কণা জন্মাচ্ছে আর হারিয়ে যাচ্ছে—যেন এক বিশাল মহাসাগরে ঢেউ উঠছে আর নামছে।
সবকিছুই আসলে শক্তির একটি সুন্দর খেলা। আমরা যেটাকে স্থির বা শান্ত দেখি, তার গভীরে প্রতি সেকেন্ডে কোটি কোটি ঘটনা ঘটে চলেছে।
এই সহজ সত্যিটা যখন আমরা বুজতে শিখবো, তখন নিজের চারপাশকে আমাদের আগের চেয়ে অনেক বেশি রহস্যময় এবং অসাধারণ মনে হবে। তখন আসলে আমরা বুঝতে পারবো, মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরের সাথে কতটা চমৎকারভাবে জড়িয়ে আছে।
সমাপ্তি নয়, আমাদের যাত্রা কেবল শুরু
ইতিহাস ঘেটে আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হলো, কালের পরিক্রমায় আজকের চরম বিপ্লবী প্রশ্ন অথবা ধারণাগুলো আগামী প্রজন্মের জন্য সাধারণ জ্ঞানে পরিণত হয়।
কোয়ান্টাম তত্ত্বও আজ আমাদের কাছে অদ্ভুত লাগলেও, আগামী দিনের শিশুরা হয়তো স্কুলে সহজে শিখবে শূন্যতার ফ্লাকচুয়েশন এবং কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের কথা।
তারা এটিকেই প্রকৃতির স্বাভাবিক রূপ হিসেবে মেনে নেবে।
এই লেখার শেষে আমি শুধু একটি কথাই বলতে চাই: প্রশ্ন করা থামবেন না। নিজের মনের ভেতরের কৌতূহলটাকে সবসময় বাঁচিয়ে রাখুন।
যখন রাতের মেঘমুক্ত আকাশে তাকাবেন, তখন যদি একটু ভেবে উঠতে পারেন —"এই যে বিশাল শূন্যতা দেখছি, তা কি আসলেই খালি?
নাকি সেখানে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য?"
বিজ্ঞান মানেই কি শুধু ল্যাবরেটরিতে সাদা অ্যাপ্রন পরা মানুষগুলোর কঠিন কোনো হিসাব নিকাশ ?
তা কিন্তু মোটেই না, বিজ্ঞান হলো আমাদের চারপাশের এই অদ্ভুত সুন্দর আর রহস্যময় পৃথিবীটাকে একটু বুঝতে পাড়ার চেষ্টা।














